মারামারির ঘটনায় অভিযুক্ত হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। মঙ্গলবার ইংলিশ ‘ব্যাড বয়’কে অভিযুক্তের খবর দেয় ব্রিস্টল পুলিশ। স্টোকসের সঙ্গে রায়ান আলী ও রায়ান হেল নামের আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত তিনজনকেই ব্রিস্টলের কোর্টে হাজির হতে হবে। দিন-তারিখ ঠিক না হলেও খবরে বলা হচ্ছে, আগামী ছয়মাসের মধ্য তাদেরকে হাজিরা দিতে হবে।
গত সেপ্টেম্বরে একটি নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে দল থেকে নিষিদ্ধ হন স্টোকস। তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছিল। এরমধ্যেও মারামারিতে তার সঙ্গী অ্যালেক্স হেলস ও তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দলে রাখা হয়েছিল।
হেলস ওয়ানডে সিরিজে খেললেও এখনও নির্বাসিত আছেন স্টোকস। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে আছেন ব্যাড বয় স্টোকস। এখন সেখানে খেলাও অনিশ্চিত হয়ে পড়ল।







