রাজধানী ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনাপ্লেক্সে আজ শুক্রবার মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। ছবিটির প্রথম শো হয় সকাল ১১:২০ মিনিট থেকে।
দুই ঘন্টার এই ছবিটি দেখতে দর্শকদের আগ্রহের কোনো কমতি ছিল না। তাইতো অনেকে পরিবার বা সঙ্গীকে সাথে নিয়ে এসেছেন ছবি দেখতে। তাদের একজন হলেন ব্যাংকার সেলিম আহমেদ। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি ‘খাঁচা’ ছবি দেখতে। আশা করছি আমরা ছবিটি উপভোগ করবো।’
ছবি দেখে হল থেকে বের হবার সময় দর্শকদের অনেকে ছবি নিয়ে মন্তব্য করেন। তাদের কথায়, ‘খাঁচা ছবিটি শুধু ১৯৪৭ সাল বা তার পরবর্তী সময়গুলোকে ধারণ করে তা-ই নয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে আমরা ছবিটির মিল খুঁজে পাই।’ এসময় তারা রোহিঙ্গা ইস্যু এবং সিরিয়া সংকটের কথা তুলে ধরেন। সবকিছুতেই বড় ধরণের অভিবাসন ঘটছে বলে তারা বলেন।

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে ছবিটি নির্মান করা হয়েছে। যাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়। ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি হয়ে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে। ছবিটি প্রসঙ্গে পরিচালক আকরাম খান বলেন, ‘সরাসরি রাজনীতি নয়, বরং রাজনৈতিক প্রভাব নিয়ে ছবিটি নির্মিত।’
আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার স্টার সিনাপ্লেক্সসহ দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘খাঁচা’।
‘খাঁচা’ ছবির ট্রেলার
ছবি: সাকিব-উল-ইসলাম







