ভারতের কোচ নিয়োগ নিয়ে চলমান বিতর্কে এবার যোগ দিলেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। নাইট অধিনায়কের আক্রমণে এবার ছিন্নভিন্ন রবি শাস্ত্রী।
গৌতম বলেন, ‘গত দেড় বছরে টেস্ট এবং টি২০-র যে সব সময়ে ভারত সাফল্য পেয়েছে, শুধুমাত্র সেগুলিকেই তুলে ধরা হচ্ছে। রবি শাস্ত্রী কিন্তু একবারও তার ব্যর্থতার জায়গা তুলে ধরছেন না। অথচ, তার মেয়াদেই আমরা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছি। বাংলাদেশেও হারের মুখোমুখি হতে হয়েছে। এই সময়ে বিদেশে একটি সিরিজও জিতিনি। শাস্ত্রী চেষ্টা করছেন নিজেকে মহান প্রতিপন্ন করার।’
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে রবি শাস্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে গৌতম গম্ভীর বলেন, ‘রবি যে কোচ হতে কতটা মরিয়া ছিল, তা এই সব কথাবার্তাই প্রমাণ করে।’
কোচ হিসেবে অনিল কুম্বলের নির্বাচনে সহমত জানিয়ে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক বলেন, ‘আমি মনে করি এর থেকে ভাল আর কিছুই হতে পারত না। কোচ হওয়ার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাদের মধ্যে সব দিক বিচার করে অনিল কুম্বলেই সেরা।’
গম্ভীরের আগে সৌরভের পাশে দাঁড়ান সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, ‘রবি এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি। সৌরভের জন্য এ এক নতুন অভিজ্ঞতা ছিল। কিন্তু তার থেকেও বড় অভিজ্ঞতা হল শাস্ত্রীর। কোচ নির্বাচনে বিসিসিআই সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’







