সাড়ে তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরমধ্যেই মুদ্রার দুই পিঠ কয়েক দফায় দেখা হয়ে গেছে সৌম্য সরকারের। ধারাবাহিকতার অভাবে ওয়ানডে দল থেকে ছিটকেই পড়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টুয়েন্টি সিরিজ ছিল নিজেকে তুলে ধরার মঞ্চ। কিন্তু সেখানে দুই ম্যাচে করেছেন মাত্র ১৯ রান। বড় ইনিংসের দেখা নেই লম্বা সময় ধরে।
সবশেষ কয়েকটি সিরিজে ওপেনিং, তিন নম্বর, চার নম্বর, এমনকি সাত নম্বরেও ব্যাটিং করেছেন সৌম্য। বিভিন্ন জায়গায় পরখ করা হলেও প্রত্যাশিত সাফল্য পাননি কোথাও। গত এক বছরে আন্তর্জাতিক ম্যাচে পাননি কোনো ফিফটির দেখাও!
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৫৭ ও ৪৭ রানের দুটি দৃষ্টিনন্দন ইনিংস খেলে অবশ্য জানান দিয়েছেন সক্ষমতার। এশিয়া কাপের জন্য দল গঠনে বিবেচনায় আসতে পারে সৌম্যর এই পারফরম্যান্স। ফিরতে পারেন ওয়ানডে দলে। তবে সৌম্যর ব্যাটিং পজিশন কোথায় হবে সেটি নিয়ে আছে দোলাচল।
সৌম্যর ব্যাটে ধারাবাহিকতার অভাব থাকাতেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে এনামুল হক বিজয় হন তামিম ইকবালের ওপেনিং সঙ্গী। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন বিজয়। ডানহাতি এ ওপেনার অবশ্য দীর্ঘদিন পর ফিরে নিজেকে মেলে ধরতে পারেননি শেষ দুটি সিরিজে।
অন্যদিকে বিরতি দিয়ে দিয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে টপঅর্ডারে ব্যাট করার সুযোগ পেয়ে লিটন দাস দিয়ে যাচ্ছেন আস্থার প্রতিদান। ফ্লোরিডায় লিটনের ৬২ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয় টাইগাররা। ওপেনার হিসেবে তামিম-লিটন জুটি মন্দ হয়নি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
তিন নম্বর ব্যাটসম্যানের কাছে বড় ইনিংস পেতে মুমিনুল হককে ওয়ানডে দলে ফেরানোর ভাবনা আছে নির্বাচকদের। সেটি যদি নাও হয় তিনে নিয়মিত ব্যাট করা সাকিব আল হাসান তো আছেনই। মিডলঅর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। সৌম্য যদি দলে থাকেনও ব্যাট করবেন কয় নম্বরে? সুযোগ পেলে টপঅর্ডারে বারবার ব্যর্থতার দরুণ এ বাঁহাতি ব্যাটসম্যানকে দেখা যেতে পারে লোয়ার মিডলঅর্ডারে।
তাতে অবশ্য আপত্তি নেই সৌম্যর। তরুণ তারকার কাছে দলে অবদান রাখাই মুখ্য, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানেই খেলি, যদি দলকে জেতাতে পারি বা দলকে সাহায্য করতে পারি তাহলেই হল। তাই ওপেন করি বা সাতে খেলি, আমার কাজ হবে পারফর্ম করা।’
‘আর আমি পারফর্ম করলে দলেরও সাহায্য হবে। এই ব্যাপারে আমি কিছু জানি না, আপনার কাছেই শুনলাম…! যদি ওখানে আমাকে খেলতে হয়, তাহলে আমি চেষ্টা করব পরিস্থিতি বুঝে খেলার।’ -লোয়ার মিডলঅর্ডারে ব্যাট করা প্রশ্নে যোগ করেন সৌম্য।







