বুধবার ৬৬ রানে অপরাজিত থেকে আশা বাড়িয়েছিলেন। তৃতীয় দিন সেই আশার গুড়ে বালি ছিটিয়ে ফিরেছেন সৌম্য সরকার। দ্রুত ফিরে গেছেন সাকিব আল হাসানও।
লেগ স্টাম্পের উপরে শর্ট বল করেছিলেন সুরাঙ্গা লাকমাল। সৌম্য প্রথম ছেড়ে দিতে চেয়েছিলেন। কী মনে করে শেষ মুহূর্তে ব্যাট দিতে চান। অলস এই শটের খেসারত দেন ফাইন লেগে ধরা পড়ে। ফেরার আগে ১৩৭ বলে ৭১ রান করে গেছেন। সৌম্য-সাকিব ফেরার পর পথ হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন রিয়াদ (৮) এবং লিটন দাসও (৫)।
বাংলাদেশ গতকাল ১৩৩ রানে দিন শেষ করেছিল। এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারিয়ে সংগ্রহ ২১৩।
সাকিবকে ফিরিয়েছেন লাক্সান সান্দাকান। তার আউটের ধরণটাও প্রায় তামিমের মতো। লেগ স্টাম্পের বলে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। ফেরার আগে করে গেছেন ২৩।
দ্বিতীয় দিন তামিম ফিরেছিলেন ৫৭ রানের মাথায়। দ্রুত এসে ফিরে যান মুমিনুল হক (৭)।
শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৪ রান করে। বাংলাদেশের সফল বোলার মিরাজ। ২২ ওভার বল করে ১১৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজ ২৫ ওভারে দুই উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ৬৮। সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন সাকিব আল হাসান। ৩২ ওভারে ১০০ রান খরচায় এক উইকেট তার। শুভাশিস রায় প্রথমদিন এক উইকেট নিয়েছিলেন। তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।তাসকিন ফিরিয়েছেন একজনকে।
লঙ্কানরা বড় স্কোর গড়ে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে। প্রথম দিন শুভাশিসের বলে শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান একাই করেছেন ১৯৪। আসিলা গুনারত্নে মিডলঅর্ডারে ৮৫ করে তাকে সঙ্গ দেন। নিরোশান ডিকেওয়াল্লা করেন ৭৫। অর্ধশতক পেয়েছেন দিলরুয়ান পেরেরাও (৫১)।








