চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌন্দর্যবর্ধনে কোটি টাকার বনসাইকরণ প্রক্রিয়া কেন

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার
১:৫২ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
মতামত
A A

গত শতকের শুরুতে ইউরোপের বিজ্ঞানীরা ইউরেনিয়াম, ডিনামাইট আবিষ্কার করেছেন, শক্তিকে কাজে লাগিয়ে পারমানবিক অস্ত্র বানিয়েছেন, সেই অস্ত্র দিয়ে ব্যবসা করে কাড়ি কাড়ি টাকা বানিয়েছেন। যুদ্ধ বাধিয়েছেন। মানুষকে হত্যা করার কাজে সেই অস্ত্র ব্যবহার করেছেন। ঠিক প্রায় একই সময়ে বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বছরের পর বছর গাছের সঙ্গে কথা বলে, গাছদের নিয়ে কাটিয়েছেন।

অনেক বছর গবেষণা করে তিনিই প্রথম প্রমাণ করেছেন জীব ও প্রাণিজগতের মতো উদ্ভিদের প্রাণ আছে এবং তারাও সাড়া দেয়। তিনি প্রমাণ করেছেন উষ্ণতা, আলো-বাতাস, শব্দ, ধ্বনি ও প্রতিধ্বনির সঙ্গে উদ্ভিদ ও গুল্মরাজি উদ্দীপনা বা চেতনা অনুভব করে। এমন একটি বাস্তবতাকে প্রমাণ করার লক্ষে বিজ্ঞানী বসু একটি সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করেন, যার নাম ক্রেসকোগ্রাফ।

কতটা কোমল মনের অধিকারী হলে, কতটা মানবিক ও সংবেদনশীল হলে এমন একটা আবিষ্কার করা যায়, তা সহজেই অনুমেয়। যে বাঙালি বিজ্ঞানী গাছকে অবিশ্বাস্য মমতা দিয়ে ভালোবেসেছেন, জগৎসভায় বাঙালির গৌরব ও মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন, সেই জগদীশ বসুর দেশেই আমরা গাছ-নিধনে সবচেয়ে বেশি পটুত্ব দেখাই। আমাদের বৃক্ষপ্রেম, পশুপ্রেম এমনকি মানবপ্রেম আজ হারিয়ে যেতে বসেছে!

সর্বশেষ আমরা স্বাভাবিক-সাধারণ গাছ বাদ দিয়ে ‘অস্বাভাবিক-অসাধারণ’ গাছ নিয়ে মাতামাতি শুরু করেছি। আমরা বিউটিফিকেশনের নামে ঢাকা শহরে ‘বনসাই’ আমদানি করেছি। এই বনসাই ঠিক গাছও না আবার গাছও। বনসাই হলো মূলত অত্যাচারিত এক বৃক্ষের নাম। যে বৃক্ষের উপর চালানো হয় নির্মম নির্যাতন। যাকে বাড়তে দেয়া হয় না, স্বাভাবিকভাবে বিকশিত হতে দেয়া হয় না। একটি গাছকে গাছের নিয়মে বাড়তে না দিয়ে ওকে কেটে-ছেঁটে-বেঁধে ছোট্ট একটি টবে জোর করে সংকুচিত আকারে বাঁচিয়ে রাখাই হচ্ছে বনসাই।

অভিধানে বনসাই মানে হচ্ছে, ঘর সাজানোর জন্য পূর্ণবয়স্ক গাছের আকারকে কৃত্রিম উপায়ে ছোটো করার জাপানি পদ্ধতিবিশেষ। প্রথমে চীনে এবং পরে জাপানে পাত্রে জন্মানো বামন আকৃতির গাছ জনপ্রিয়তা লাভ করে। অনেকের মতে, বনসাই শব্দটি চৈনিক ‘পেনজাই’ শব্দ থেকে উৎপত্তি হয়। জাপানিরা শব্দের উচ্চারণ পরিবর্তন করে ফেলে। তারা নাম দেয় বনসাই (Bonsai)। বন (bon) মানে পাত্র এবং সাই (sai) মানে গাছ বা গাছ রোপণ। বিশেষ কৌশল ও পদ্ধতিতে একটি পাত্রে পরিকল্পিতভাবে ডালপালা ও শিকড় ছেঁটে, তার পেঁচিয়ে গাছটিকে একটি ক্ষুদ্র রূপ দেওয়া হয়।

আমরা চীন-জাপানিদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি, ইহজাগতিকতা, বিনয়, সততা, নিষ্ঠা ইত্যাদি কোনো কিছু না নিয়ে তাদের ‘নিষ্ঠুর’ একটা জিনিস নিয়ে এসে সড়ক সাজানোর চেষ্টা করছি। সম্প্রতি আমাদের এয়ারপোর্ট রোড থেকে বনানীর পথের দুপাশের বনসাই স্থাপন করা হয়েছে। রাজধানীর বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট বিউটিফিকেশন প্রকল্পের আওতায় ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ, ফুটপাতে আলোক সজ্জা এবং গাছ লাগানো হয়েছে। ফুটপাতকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে চীন থেকে আনা হয়েছে ১২০টি ফাইকাস বনসাই। এই বনসাই গাছগুলোর একেকটির দাম প্রায় দেড় থেকে ২ লাখ টাকা। এই গাছগুলো আনতে খরচ হয়েছে প্রায় ৩ কোটি টাকা।  চীন থেকে ফ্রিজার কনটেইনারে এগুলো নিয়ে আসা হয়।

Reneta

আমাদের দেশীয় কোনো গাছ বাদ দিয়ে কেন এত বিপুল ব্যয় করে বনসাই আমদানি করতে হলো, এ প্রশ্নের কোনো জবাব পাওয়া যাবে না। এই পথের দুইধারে যদি কৃষ্ণচুড়া গাছ লাগানো যেতো তাহলে এপ্রিল-মে মাসে পথের দুইধারে লাল-কমলা থোক থোক হয়ে ফুটে থাকতো তা হতো অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু আমরা তা করিনি। জাপানিদের চেরি দেখতে কত শত পর্যটক ছুটে যায়, আমাদের কৃষ্ণচূড়াও কিন্তু তার চেয়ে রূপেগুণে কোনো অংশে কম নয়। আমরা সেগুলো বাদ দিয়ে কেন বনসাইয়ের পেছনে ছুটলাম কে জানে!

আরেকটি কথা। সৌন্দর্য দরকার আছে। তার আগে চাই নিত্যদিনের সমস্যার সমাধান। ঢাকা শহরের অনেক অনেক স্থানে এখনও পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না। এখনও অনেক রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। অনেক গলিতে আলো জ্বলে না। অনেক স্থানে পানি জমে থাকে। বস্তি এলাকায় পানি-গ্যাস-স্যানিটেশন সমস্যা প্রকট। আছে জনপরিবহন সমস্যা। ময়লা-আবর্জনার দুর্গন্ধে এখনও টেকা দায়। আছে মশক সমস্যা। এসব সমস্যা সমাধানে আন্তরিক না হয়ে, বিদেশি বনসাই দিয়ে নগরীর সৌন্দর্যবর্ধনের উদ্যোগটা কারও কাছে খুব একটা ‘সৌন্দর্যমণ্ডিত’ মনে হচ্ছে না!

আর যা করা হয়েছে, সেটাই বা কেমন সৌন্দর্যের ধারণা? ইউরোপীয় ফুটবল লীগের খেলোয়ারদের হেয়ারস্টাইলের মতো! সারা মাথা মুড়িয়ে খাবলা-খাবলা চুল। পাতাহীন কিছু ন্যাড়া গাছের মধ্যে বেখাপ্পা কিছু বামন গাছ!

এর চেয়ে বরং নারকেল গাছ লাগানো যেত। লাগানো যেত ঝাউ-তমাল-দেবদারু। এমনকি বিভিন্ন ধরনের ফলের গাছ- আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা লাগালেও পশুপাখি, মানুষ কিছু খেতে পারত। সৌন্দর্য ও তাতে ব্যাহত হতো না! তা না করে কেন এই বনসাই?

অবশ্য আমাদের দেশে গত কয়েক দশক ধরে রাষ্ট্রীয়ভাবেই বনসাই হবার, বনসাই বানানোর একটা প্রবণতা চলছে। আমরা চিন্তা-চেতনায়, জ্ঞানে-শিক্ষায়, কথায়-আচরণে বনসাই হবার এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি যেন। আমরা ত্যাগে-মহত্ত্বে-দয়া-দাক্ষিণ্যে নয়, স্বার্থের তাগিদে, বিত্তের জন্য, অতিসামান্য কিছু পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজে বনসাই হচ্ছি, অপরকে বনসাই বানাচ্ছি। এই বাস্তবতায় চোখের সামনে ‘আসল বনসাই’ না থাকাটাই যেন অস্বাভাবিক! এয়ারপোর্ট রোডের এই তথাকথিত সৌন্দর্যবর্ধনের নামে যা হচ্ছে তা পরিবেশের সঙ্গে এক নির্মমতা এবং নগরবাসীর প্রতি এক বিশালাকার প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

অবশ্য আমাদের অবস্থার সঙ্গে বনসাইয়ের এক আশ্চর্য মিল আছে। আমরা অনেক সময়ই ‘মানি না মানব না বলে’ চিৎকার করি। কিন্তু শেষ পর্যন্ত মানতে আমাদের হয়ই। সীমাবদ্ধ সুযোগসুবিধা নিয়ে, সীমিত আকার নিয়েই বাঁচতে হয়। ঠিক বনসাই গাছের মতো-অল্প আলোতে, অল্প পানিতে; অল্প মাটিতে ক্ষুদ্র হয়ে বাঁচা!

গাছের প্রাণ থাকলেও তারা মানুষের মত প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে পারলে নিশ্চয়ই পথের ধারে বনসাই লাগানোর উদ্যোক্তদের কষে একটা থাপ্পর দিত। গাছেরা আমাদের ফুল-ফল-অক্সিজেন, ছায়া, কাঠ, সুন্দর প্রকৃতি এত কিছু দেওয়ার পরও মানুষ তাদের উপর নির্যাতন করে, এমনকি কেটে ফেলতেও কসুর করে না। আর এই বনসাইকরণ-এটা গাছেদের উপর নির্যাতনেরই নামান্তার, জোর করে পঙ্গু করে দেয়ারই সামিল। গাছের শাখাপ্রশাখাকে তারের বেড়ি দিয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রেখে তার ডালপালাকে ছেঁটে ফেলে তার বাড়বাড়ন্তকে জোর করে আটকে রেখে বামন বানিয়ে ঘর সাজানোর সামগ্রী করে তোলা। এ যেন সেই কথিত অসাধু ছেলেধরার বাচ্চাদেরকে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রেখে বিকলাঙ্গ করে ভিক্ষে করানোর মতই ব্যবসায়িক অভিপ্রায়। যে গাছ একদিন বড় হয়ে অনেক মানুষের ফলফুলের যোগান দিত পারতো, কিম্বা ক্লান্ত মানুষের কাছে স্নিগ্ধ ছায়া হয়ে দাঁড়াতে পারতো। সে গাছকেই বনসাই হয়ে মাত্র একটি বড়লোক পরিবারের সৌন্দর্য সামগ্রী হয়ে রয়ে যেতে হয়!

আধুনিক জীবনযাত্রার ইঁদুরদৌড়ে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা সবাই যেন বনসাই হওয়ার লক্ষ্যে সাঁই-সাঁই করে ছুটে চলেছি, মনের সায় থাক বা না থাক। তাই মাঝে মাঝেই সেই আত্মগ্লানি আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে: আমরা সৌন্দর্য চাই, ছায়া চাই, স্বাভাবিক গাছ চাই, বনসাই চাই না। আমরা স্বাভাবিক জীবন চাই। আমরা বড় হতে চাই, বড় মানুষ হতে চাই, বিন্তু যেন-তেন প্রকারে শুধু বড়লোক হতে চাই না। আমরা শুধু বিমানবন্দর সড়ক নয়, পুরো দেশকে, জাতিকে ‘বনসাইকরণ’ প্রক্রিয়া থেকে রেহাই চাই!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা শহরে বনসাইবনসাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT