বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজের সঙ্গে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। এই কাজ অপর একটি সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে বলে সোমবার ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ফলে জনসাধারণের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা দুর করতে বিশেষ বার্তা ‘নিউজ স্ক্রল’ হিসেবে প্রচারের অনুরোধ করেছে তারা।
বিশেষ বার্তা হিসেবে তারা ‘ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হোটেল রেডিসন ব্রু পর্যন্ত রাস্তার পাশে চায়নিজ বনসাই লাগানোর সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনভাবে সম্পৃক্ত নয়’- কথামালাটি প্রচারের অনুরোধ জানিয়েছে।
রাজধানীর বিমানবন্দর সড়কে সৌন্দর্যবর্ধনের নামে প্রায় ৩ কোটি টাকা খরচায় বিদেশি বনসাই বৃক্ষ লাগানো হয়েছে। চীন থেকে আনা হয়েছে বনসাই বটবৃক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, এর মাধ্যমে দেশিয় বৃক্ষসম্ভারের ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে, অপচয় হয়েছে অর্থেরও।







