দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিএনপি আগামী ২৪ মে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন: ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ তল্লাশি চালিয়েছে। এর প্রতিবাদে আমরা বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো।’
এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছে বলে রিজভী জানান।
এর আগে রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে কেন তল্লাশি চালানো হয়েছে সরকারের কাছে তার ব্যাখ্যা চাওয়ারও সিদ্ধান্ত হয়।
নিজ কার্যালয়ে পুলিশি অভিযানের পরিপ্রেক্ষিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। সমাবেশের অনুমতি না দিলে সারাদেশে কর্মসূচি দেয়া হবে।








