অভিনেত্রী এমা ওয়াটসন জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া পুরোপুরি এড়িয়ে চলছেন। মানসিকভাবে সুস্থ থাকার জন্যই নাকি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এড়িয়ে চলছেন এমা। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর মতে সোশ্যাল মিডিয়া মনে বাড়তি চাপ ফেলে। তাই তিনি এই জগৎ এড়িয়ে চলছেন।
কৌতুহলবশতও কখনো ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটারের কোনো কমেন্ট পড়েন না এমা। তিনি বলেন, ‘আমি তো মানুষ। পাগল হতে চাই না বলে এগুলোতে যাওয়া বন্ধ করেছি।’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে ইদানীং খুব সহজেই মানুষকে অপমান করা হয়, যেন কেউ দেখছে না। কিন্তু বাস্তবে তো আমি আছি এবং সবই দেখছি। তাই এখন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেক দূরে নিয়ে গিয়েছি।’
ডিজনি’র ‘বিউটি অ্যান্ড বিস্ট’ ছবির বেলা চরিত্রের সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজে থাকলেও সোশ্যাল মিডিয়ার ওপর খুবই বিরক্ত তিনি। কদিন আগেই মুক্তি পেয়েছে এমার নতুন ছবি ‘দ্য সার্কেল’। মজার ব্যাপার হলো জেমস পনসল্টের পরিচালিত এই কল্পবিজ্ঞান-মনস্তাত্ত্বিক ছবিটির কাহিনীও সাজানো হয়েছে এ সময়ের সোশ্যাল মিডিয়ার একচেটিয়া আধিপত্য নিয়ে। ছবিতে এমার সঙ্গে থাকছেন টম হ্যাঙ্কস। ডেকান ক্রনিকল।








