বাংলাদেশ

সোমবার আরাফাত ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা

সোমবার আরাফাত ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা

আগামীকাল হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে। আগামীকাল সোমবার সেখানে শুরু হবে  মূল আনুষ্ঠানিকতা।

ইসলামের ৫ স্তম্ভের অন্যতম পবিত্র হজ। সোমবার পবিত্র আরাফাতের ময়দানেই শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েত।

হজের অন্যতম ফরজ আদায়ের জন্য আজ আরবি হিজরি বর্ষের ৮ জিলহজ হাজিরা সমবেত হয়েছেন পবিত্র নগরী মিনায়। শনিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর থেকে হজের অংশ হিসেবে তাঁবুর নগরী মিনায় পৌঁছেছেন হাজিরা। সেখানে নামাজ আদায়সহ ইবাদত বন্দেগীতে মশগুল আছেন তারা।

প্রতিবছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় বসানো হয় লাখ লাখ তাঁবু। এবারও এক লাখ ১৪ হাজার তাঁবুর নিচে প্রায় ১৪৪ ঘণ্টা অবস্থান করবেন বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা। সেই সব লাল পাথরের পাহাড় ঘেঁষা চৌচালা তাঁবুর নিচে মুসল্লিদের লাব্বায়েক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী।

মিনার এই পাহাড়ের উপত্যকায় মদিনা থেকে এসে মহানবীর হাতে শপথ পড়েন একদল মুসল্লি। যারা পরে ফিরে গিয়ে পরিবেশ তৈরি করেন মদিনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম এর হিজরতের।

অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার হজযাত্রীদের নিয়ে মিনায় অবস্থান করছেন বাংলাদেশের ধর্মমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য। মিনার ৭ টি জোনের মধ্যে বাংলাদেশের হাজিরা মূলত আছেন ২, ৫ এবং ৬ নম্বর জোনে।

সোমবার ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য গাড়িতে বা ট্রেনে মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে। ১৮ কিলোমিটার দূরত্বের এই পথ বেশীর ভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটেই। তবে হাজিদের যাতায়াতের সুবিধার জন্য গত কয়েক বছর ধরেই মেট্রোরেল চালু হয়েছে।

আরাফাতের পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম।

সোমবার সারাদিন আরাফাতে অবস্থান করে রাতে মুজদালিফায় অবস্থান করবেন হাজীরা। মঙ্গলবার ভোরে শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে হাজিরা আবার আসবেন মিনায়।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশ-পাশের এলাকায় ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সঙ্গে কাজ করছে ১৬ হাজার গাইড।

বিষয়:আরাফাত ময়দান পবিত্র হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…