সোনাজয়ী সাদিয়ার স্বাস্থ্যের উন্নতি

সোনাজয়ী সাদিয়া, বাংলাদেশের একজন ক্রীড়াবিদ, তার স্বাস্থ্যের উন্নতির জন্য আশাবাদী, ছবি তোলা হয়েছে তার অনুশীলনের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অগ্নিদগ্ধ গোল্ড মেডেলিস্ট শুটার সৈয়দা সাদিয়া সুলতানার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ও বার্ণ ইউনিটে ভর্তি হওয়ার পর সোমবার তার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।
গত রোববার বাসায় রান্না করতে গিয়ে গ্যাসের চুলা থেকে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় সাদিয়ার। আক্রান্ত হয় শ্বাসনালিও। প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ শুটারকে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সাদিয়াকে।
সাদিয়ার ভাই সৈয়দ সাজ্জাদ উল্লাহ জানান, তার বোনের সার্জারি করতে হবে, সেটা সম্ভবত সোমবার।
সাদিয়ার বাবা সৈয়দ সারোয়ার জানান, ‘গত রোববার রান্না করছিল সাদিয়া। হঠাতই গ্যাসের চুলা থেকে প্রথমে ওড়নায় আগুন লাগে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। প্রথমে সাদিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে আনা হয়েছে।’
২০১০ ঢাকা এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণজয় করেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দ্বৈত ইভেন্টে স্বর্ণ জয় করেন সাদিয়া-রত্না জুটি। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমস শুটিংয়ে সাদিয়া ছিলেন ষষ্ঠ স্থানে। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এটিই ছিল দেশের সেরা সাফল্য।




