বলিউড তারকা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে আগামী ৮ই মে। দীর্ঘ দিনের প্রেমিক আনন্দ আহুজাকে অবশেষে বিয়ে করছেন তিনি। এতো দিন কেবল গুঞ্জন হিসেবে থাকলেও এই খবরটি এখন জলের মতো পরিস্কার। কারণ এরই মধ্যে বিয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
গত ১মে মঙ্গলবার কাপুর ও আহুজা দুই পরিবারই সোনম ও আনন্দের বিয়ের খবরটি ঘোষণা করেন। আর এরপরই প্রকাশ্যে আসে সোনম-আনন্দের বিয়ের কার্ড। তবে বিয়ের কার্ডের ক্ষেত্রে একটু ভিন্নধর্মী ভাব এনেছেন তারা। যাকে বলা হচ্ছে ই-কার্ড। এবং কার্ডটি পরিবেশ বান্ধব!
ই-কার্ড বলার কারণটা নিশ্চয় সবার জানা! হবু দম্পতির বক্তব্য বিয়ের কার্ড মানেই কাগজের অপচয়। আর কাগজ মানেই গাছ কাটা। তাই তারা তাদের পরিবারকে জানিয়ে দিয়েছেন বিয়ের কার্ড না ছাপাতে। ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল পদ্ধতিতে আমন্ত্রণ জানাচ্ছেন অথিতিদের।
শোনা যায়, কার্ডটির ডিজাইন সোনম-আনন্দ নিজেই করেছেন। এরইমধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে ফোনে ফোনে পাঠানো হয়েছে সেই ই-কার্ড।
ই-কার্ড অনুযায়ী আগামী ৭ মে বিকেল ৪টায় সোনমের মেহেদি অনুষ্ঠান হবে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার সিগনেচার আইল্যান্ডে। এর পরদিন ধর্মীয় রীতিতে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিয়ের আসর বসছে বান্দ্রা রকডেল বাংলো সোনমের খালার বাড়িতে। একইদিন রাতে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনার। পাঁচ তারকা হোটেল লীলাতে হবে জমকালো পার্টি।
বিয়েতে অতিথিদের কোনো উপহার আনতে বারণ করেছেন এই হবু দম্পতি। লিখেছেন, ‘আমাদের বিশেষ এই দিনে উপহার হিসেবে একমাত্র কাম্য আপনার উপস্থিতি।’







