কলম্বো, শ্রীলঙ্কা থেকে: নিজে যাচ্ছেন, আর নতুন প্রজন্মকে তৈরি থাকতে বলছেন। টি-টুয়েন্টি থেকে অবসর ঘোষণার দিন মোসাদ্দেক হোসেন সৈকতকে মাশরাফি বলেন, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি থাকতে।
কলম্বোয় বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘উনি বলেছেন, তুই যে ফর্মে আছিস তাতে নিজেকে এভাবে তৈরি কর, যাতে বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন হতে পারিস।’
শুধু মোসাদ্দেকই নয় মোস্তাফিজ, মিরাজদেরও উত্তরসূরি হিসেবে জায়গা ধরে রাখার কথা বলেছেন অধিনায়ক।
মাশরাফির মুখ থেকে এটা শোনার পর মোসাদ্দেকের অন্যরকম অনুভূতি হচ্ছে, ‘কালকে এটা শোনার পর থেকে আমার ভেতর অন্যরকম একটা বিষয় কাজ করছে। ভবিষ্যতে আমি নিজেকে ওইভাবে তৈরি করার চেষ্টা করবো।’
মোসাদ্দেক জানালেন মাশরাফির কাছ থেকেই তারা অনুপ্রেরণা পান, ‘ওনার কাছ থেকে নতুন করে অনুপ্রেরণা পাই। বুঝতে পারি খেলাটাই সবকিছুর আগে। আমাদের সেটার ওপর ফোকাস করা উচিত।’
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি অবসর ঘোষণা দেন। জানিয়ে দেন, এই সিরিজের দুই ম্যাচ খেলেই টি-টুয়েন্টিকে বিদায় বলবেন। এরপর নিজের ফেসবুক পেজে মাশরাফি একটি বিবৃতি দেন। সেখানে বলেন, তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে তার এই অবসর।
বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচ। প্রথমটিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। মোসাদ্দেক বলছেন, এই ম্যাচে মাশরাফির জন্যই খেলবেন তারা।
‘আসলে জেতার কোন বিকল্প নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলব এই ম্যাচটা আমরা পুরপুরি মাশরাফি ভাইয়ের জন্য খেলব। আমরা সবাই চাইব এই ম্যাচটি জিতে তাকে একটি উপহার দিতে।’







