৯৩ তম অস্কার আসরে সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ক্লোয়ি ঝাও-এর হাতে। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
প্রথম এশীয় এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লোয়ি ঝাও। এর আগে ২০০৯ সালে ‘দ্য হার্ট লকার’ ছবিটি পরিচালনা করে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগলো।
চলতি বছরের ‘গোল্ডেন গ্লোব’,’বাফটা’তে সেরা পরিচালক হিসেবে সম্মানিত হওয়ার পর অস্কারের দৌড়েও এগিয়ে ছিলেন ক্লোয়ি ঝাও। অস্কারের মোট ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘নোম্যাডল্যান্ড’।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন এমেরাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওমেন), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড) ও লি ইসাক চাং (মিনারি)।
প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।







