দীর্ঘ আট মাস খেলার মধ্য ছিলেন না। তার গ্লাভসে তবু এতটুকু মরিচা ধরেনি। নিজের পুরনো ছন্দেই আছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। জার্মানির অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচে পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। ফলে বিশ্বকাপের মূলমঞ্চে নিজেকে তুলে ধরতে আরও একধাপ এগিয়ে গেলেন বায়ার্ন তারকা।
গত বছরের সেপ্টেম্বর থেকে ইনজুরি ভুগছেন নয়্যার। পুরো মৌসুমে বায়ার্নের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ইনজুরি থেকে ফেরার পর বুধবার অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে প্রথম মাঠে নামেন। ম্যাচে দারুণ পারফর্ম করেন তিনি। আর জার্মান সিনিয়র দল জয় পায় ৭-১ গোলে।
জার্মান দলের ভাগ হয়ে খেলা ৭০ মিনিটের আরেকটি অনুশীল ম্যাচে মাত্র দুইবার পরাস্ত হন নয়্যার। থমাস মুলারের পেনাল্টি ছাড়াও জুলিয়েন ডেক্সসেলার কাছে হার মানেন তিনি। তবে মুলারের একাধিক জোড়ালো শট দারুণভাবে সেভ করেছেন নয়্যার।
জার্মানির সহকারী কোচ থমাস স্নাইডার বলেন, ‘ম্যাচে সে (নয়্যার) বেশ কয়েকটি ভালো সেভ করেছে। ফলে সঠিক পথেই রয়েছেন তিনি।’
নিজের সেরা ছন্দে ফিরতে পারবেন কিনা সেই পরীক্ষায় শনিবার মাঠে নামবেন তিনি। ইনজুরির পর শনিবার প্রথম পুরো ম্যাচ খেলবেন নয়্যার। ওই দিন অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি।
হেড কোচ জোয়াকিম লো আগেই জানিয়েছেন, দলের একনম্বর গোলরক্ষক হিসাবেই বিশ্বকাপ যাত্রায় থাকবেন নয়্যার। ১৭ জুন মেক্সিকো ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপ অভিযান।








