আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান বলেছেন, দেশের হয়ে নিজের ‘সেরা-ক্রিকেটটা’ খেলে যাওয়াই তার প্রধান কাজ। বাংলাদেশের জার্সিতে ক্রিকেটের সব ফরম্যাটেই সেটি করতে চান তিনি।
মুস্তাফিজের এমন সাফল্যে গর্বিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজার বিশ্বাস সামনে আরও বেশি চমক দেখাবেন ২০ বছর বয়েসী পেসার মুস্তাফিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে আসার এখনও ৬ মাস হয়নি বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানের। অবিস্মরণীয় অর্জনে নিজের প্রথম তিন ম্যাচেই মুস্তাফিজ ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছিলেন তার আগমনী। বিশ্বমানের বোলিং দিয়ে প্রথম দুই ওয়ানডেতেই ধসিয়ে দিয়েছিলেন ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ।
ক্রিকেটে ৬ মাস পূর্তির আগে পুরো বাংলাদেশকে গর্বিত করে মুস্তাফিজের নামের সঙ্গে যুক্ত হলো আরও একটি মাইলফলক। প্রথম কোন বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে আইসিসির বছরের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।
বিপিএল এর ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সটি তাই হয়ে গেলো মুস্তাফিজময়।
ঢাকা ডায়নামাইটসের পেসার মুস্তাফিজুর রহমান বলেন, আমার সবসময় চিন্তা থাকে ভালো করার। ওয়ানডেতে আমি এগারো জনের ভিতরে রয়েছি আর ওখানে বড় বড় প্লেয়াররা আছেন। আমারও ছোট হিসেবে ওখানে জায়গা হয়েছে। এজন্য ভালো লাগছে।
২০০৯-এ টেস্ট দলে জায়গা করে এমন গর্ব করার উপলক্ষ এনেছিলেন সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে মুস্তাফিজই প্রথম বাংলাদেশী ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও তাই বিপিএল’এর প্রেস কনফারেন্সে মুস্তাফিজকে নিয়েই কথা বললেন বেশি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, মুস্তাফিজ এত ইয়াং এবং এত নতুন এসে এত বড় একটা জায়গায় অবস্থান নিয়েছে এটা আমাদেরতো বটেই পুরো বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার। এতেও শুধু না প্রতিটি বাঙ্গালি গর্বিত হবে। তো ওর উপর যেনো আননেসেসারি প্রেসার ক্রিয়েট না করা হয়।
এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এর মধ্যে ৫ উইকেট করে শিকার করেছেন তিন বার।






