পাকিস্তানের জন্য প্রতিটা ম্যাচই এখন নকআউট। সেমিফাইনালে যেতে জয়ের কোনো বিকল্প নেই সরফরাজদের। আফগানিস্তান অবশ্য এসব সমীকরণের বাইরে। আগের সব ম্যাচেই হারা দলটি একটা জয় নিয়ে দেশে ফিরতে পারলেই খুশি। সেই লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে খুব বেশি রান জমাতে পারেনি আফগান। ৯ উইকেটে ২২৭ তুলে শেষ করেছে ইনিংস।
লিডসে টস জিতে বাংলাদেশ ম্যাচের মতো ভুল করেনি আফগানরা। এবার প্রথমেই ব্যাটিং করেছে। তবে রানটা খুব আহামরি নয়। একটিও ফিফটি না হওয়া ম্যাচে সবারই ছোট ছোট পরিশ্রমে মাঝারি মানের সংগ্রহ এসেছে। পাকিস্তানকে করতে হবে ২২৮।
শুরুটা একদমই ভালো হয়নি আফগানদের। শাহেন শাহ আফ্রিদির আগুনে ৫৭ রানেই নেই ৩ উইকেট। উইকেটরক্ষক ইকরাম আলি খিলকে নিয়ে ৬৪ রান তুলে রান চাকাটা লাইনের উপরে রাখেন সাবেক অধিনায়ক আসগর আফগান।
আসগর ৪২ রানে ফিরলে আবারও ধস আফগান ইনিংসে। নাজিবুল্লাহ জাদরানের ঠিক ৪২ রানের আরেকটি ইনিংসে দুইশো পেরনো সংগ্রহ পায় গুলবাদিন নায়েবের দল।
৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজের।







