যুব এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনাল নিশ্চিত হতে তাকিয়ে থাকতে হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে। সেখানে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়ায় গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট কাটল যুবা টাইগাররা।
মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তানিদের ২৩ হারায় লঙ্কানরা। তাতে বি গ্রুপে নিজেদের তিন ম্যাচের সবকটি জিতে সেমিতে গেল শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রানার্সআপ হয়ে সেমিতে, ম্যাচ জয় দুটি।
মঙ্গলবার চট্টগ্রামেই হংকংকে ৫ উইকেটে হারায় টাইগার অনূর্ধ্ব-১৯ দল। আগেরদিন হারায় পাকিস্তানকে। পাকিস্তানিরা রানরেটে এগিয়ে থাকায় তাদের ম্যাচের দিকে নজর রাখতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু দলটি হারায় আর রানরেটে তাকিয়ে থাকতে হল না। নিজেদের দুই জয়ে ভর করে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যুবারা।
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। তারা মঙ্গলবার হারায় আফগানিস্তানের যুবাদের। এই গ্রুপ থেকে রানার্সআপ আফগানরা সেমিতে খেলবে বাংলাদেশের গ্রুপের সেরা শ্রীলঙ্কার বিপক্ষে।










