জিম্বাবুয়েতে সেনা শাসনের তৃতীয় দিনে এসেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সেনাবাহিনীর চাপে পদত্যাগ করতেও অস্বীকৃতি জানান তিনি। তবে প্রেসিডেন্টের সাথে কথা বলে শীঘ্রই পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তৃতা দেবে সেনাবাহিনী।
মুগাবের পদত্যাগ চেয়ে বক্তব্য দিলেও সেনা শাসন দেখতে চান না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মরগান ভেঞ্জেরাই। বিরোধী দলের এ নেতা বলেন, জনগণের স্বার্থে মুগাবেকে এখনই পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। জিম্বাবুয়েতে বর্তমানে একটি বৈধ প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করার পর তিন দিন আগে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। গত ১৫ নভেম্বর মুগাবেকে গৃহবন্দী করা হয়। জিম্বাবুয়ে ১৯৮০ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর থেকে শাসন করে যাচ্ছিলেন রবার্ট মুগাবে।
দেশটির সেনা কর্মকর্তা মেজর জেনারেল সিবুসিসো মোয়ো আশ্বস্ত করেন, প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবারের সব সদস্য নিরাপদে আছেন।
মোয়োর দাবি, প্রেসিডেন্টের আশপাশে থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তির সৃষ্টি করছে শুধু তাদের চিহ্নিত ও প্রতিহত করতেই সেনাবাহিনী ব্যারাক ছেড়েছে।
তিনি আরো বলেন, আমাদের মিশন সফল হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।







