দেশের হয়ে একশো নম্বর ম্যাচের দিন গোল পেয়েছেন লুইস সুয়ারেজ। সৌদি আরবের বিরুদ্ধে গোলটি জাতীয় দলের জার্সিতে ৫২ নম্বর গোল তার। উরুগুয়ে জাতীয় দলের হয়ে তিনিই এখন সর্বোচ্চ গোল স্কোরার। তার কিছুটা কাছাকাছি আছেন ৪২টি গোল করা এডিনসন কাভানি।
সেঞ্চুরির ম্যাচে একমাত্র গোল করে দল জেতানোর সঙ্গে দলকে নটআউট পর্বে তোলেন সুয়ারেজ। পরে আরেকটি সুখবর দিয়েছেন তিনি। তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বার্সেলোনা তারকা।
ম্যাচ শেষে টুইটারে সুয়ারেজ বলেন, ‘ ১০০টি ম্যাচ খেলে উরুগুয়ের ইতিহাসের অংশ হতে পেরে আনন্দিত!!!!!।শেষ ষোলোতে উঠতে পেরে আরও খুশি … । এমনকি আপনাদের সঙ্গে আরেকটি বিষয় শেয়ার করার জন্য আরও বেশি খুশি যে, আমাদের তৃতীয় সন্তান আসছে। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ, বিশেষ করে আমার প্রিয়জনদের।’
সবসময়ই মাইলস্টোন ছুঁতে ভালোবাসেন সুয়ারেজ। উরুগুয়ের হয়ে অভিষেক ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন। নিজের হাফসেঞ্চুরি, অর্থাৎ ৫০তম ম্যাচেও বলিভিয়ার বিরুদ্ধে গোল করেন তিনি।
স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে ৫ গোল হজম করা সৌদিকে মাত্র একটি গোল দিতে পেরেছে উরুগুয়ে। তবে নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি খুশি না হলেও নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় চাপমুক্ত তারা।








