বিকেএসপি থেকে: লিস্ট ‘এ’ ক্রিকেটে মুশফিকুর রহিমের সর্বোচ্চ ইনিংসটি ১৪৫ রানের। সেটিকে ছাড়িয়ে যেতে পারতেন সোমবার। এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিকেএসপিতে ১৩৪ রানের ইনিংস খেলে ফিরেছেন। ম্যাচ শেষে সেঞ্চুরির পরও তাই ইনিংসটি বড় করতে না পারার আক্ষেপ ঝরল মুশফিকের কণ্ঠে।
মুশফিক যখন আউট হলেন তখন ৪২তম ওভারের খেলা চলছে। বাকি সময়টা থাকতে পারলে ইনিংসটা বড় হতে পারত। দিন শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়কের কণ্ঠে আক্ষেপ, ‘ইচ্ছা ছিল ৫০ ওভার খেলার। খারাপ তো লাগছেই। নাঈম ভাইও যদি শেষ পর্যন্ত থাকতে পারতেন, আরও কিছু রান বেশি হত। সামনে সুযোগ থাকবে, আরও দুটি ম্যাচ পাব। চেষ্টা থাকবে শেষ করে আসার।’
বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মুশফিক ও নাঈমের সেঞ্চুরিতে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। মিলেছে ৬৮ রানের বড় জয়ই। ৪৬.২ ওভার খেলে ২৩৭ রানে গুটিয়ে গেছে প্রতিপক্ষ শেখ জামাল।
এদিন শাহাদাত হোসেনের পেস তোপে ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় রূপগঞ্জ। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন মুশফিক। তৃতীয় উইকেটে মুশফিক-নাঈমের জুটিতে আসে রেকর্ড ২২৫ রান। ১৩৪ বলে ১৩৪ রানের ইনিংসটি ১৪ চার আর ১ ছক্কায় সাজিয়েছেন মুশফিক। আব্দুর রাজ্জাকের করা ৪২তম ওভারের প্রথম বলে লংঅফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে রাসেল আল মামুনের হাতে ক্যাচ দিয়েছেন।







