অসুস্থতার কারণে সোমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর আসরেও অংশ গ্রহণ করতে পারেননি অমিতাভ বচ্চন। ভক্তরাও তার অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে মঙ্গলবার বিগ বি এর এক টুইটেই স্বস্তি পেয়েছেন ভক্তরা।
টুইটারে অমিতাভ লিখেছেন, ‘সকল শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায় আমি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমার সুস্থতা কামনা করার জন্য সকলকে ধন্যবাদ’।
এর আগে এক টুইটে জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। সেখানে তিনি জানান, অসুস্থতার কারণে কোথাও যাওয়ার অনুমতি নেই তার। সেকারণে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণে অংশ নিতে পারেননি।







