দর্শক-শ্রোতার সরব উপস্থিতির মধ্য দিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের দ্বিতীয় রাতেও শিল্পীরা নাচে-গানে আর বাদ্যের সুর-তাল-ছন্দের ঝংকারে মুগ্ধতা ছড়িয়েছেন।
উচ্চাঙ্গ সংগীতের বিশ্বসেরা প্লাটফর্মের স্বীকৃতি পাওয়া বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের পঞ্চম আসরের দ্বিতীয় রাতের শুরু ওডিশি নৃত্য পরিবেশনা দিয়ে। বিদুষী মাধবী মুডগাল ও তার ভাতিঝি আরুশি মুডগালের পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে।
নাচের পর দলীয় তবলা পরিবেশনায় তাল ও ছন্দের বোলে দর্শকদের মোহিত করে তুলেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।
নাচ ও ছন্দের ঝংকারের পর খেয়াল পরিবেশনা দিয়ে কন্ঠের মাধুর্য্য ছড়িয়েছেন উচ্চাঙ্গ সংগীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ। তবলায় সঙ্গত করেন ইফতেখার আলম প্রধান।
দলীয় সংগীত পরিবেশনা দিয়ে শ্রোতাদের মোহিত করেছেন বাংলাদেশের আরেক শিল্পী মোহাম্মদ শোয়েব ও তার দল। তবলায় সত্যজিৎ তালওয়ালকারকে সঙ্গে নিয়ে সেতারের ঝংকার তুলে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন ভারতের রাহুল শর্মা।
আন্তর্জাতিক খ্যাতিমান উচ্চাঙ্গসংগীত শিল্পী পণ্ডিত উল্লাস কশলকারের পরিবেশনার পর পণ্ডিত রনু মজুমদার ও ইউ রাজেশ তাদের বাঁশি ও ম্যান্ডোলিনের যুগলবন্দির মধ্য দিয়ে শেষ করেন ৫ রাতের সংগীত মহাযজ্ঞের দ্বিতীয় রাত।







