আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে তাকে ওই হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।
রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা। এর আগে গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার আগে আমেরিকার একটি হাসপাতালেও চিকিৎসা নেন।
১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম। প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়া আওয়ামী লীগের এ নেতা দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সুরঞ্জিত রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে নিজের সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করেন। যদিও তা গ্রহণ না করে সে সময় তাকে মন্ত্রী হিসাবে রাখেন শেখ হাসিনা।







