বিনোদন

সুবীর নন্দী নেই দুই বছর

২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা গানের কালজয়ী শিল্পী সুবীর নন্দী

সুবীর নন্দী স্মরণে কালো ব্যাকগ্রাউন্ডে তার ছবি ও জন্ম-মৃত্যু তারিখ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবীর নন্দীর কালো ও সাদা ছবি, ১৯৫০-২০১৯, স্মরণে কালো ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত বাংলা গানের কিংবদন্তী সংগীতশিল্পী সুবীর নন্দী চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো। ২০১৯ সালের এই দিনে (৭ মে) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

৮ মে ঢাকায় আসে তাঁর মরদেহ। এরপর ঢাকেশ্বরী মন্দির, শহীদ মিনার, এফডিসি ও চ্যানেল আইতে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য সম্পন্ন হয়।

দেশে ১৮ দিনের চিকিৎসা শেষে সংকটাপন্ন সুবীর নন্দীকে আরও উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সে বছরের ৩০ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এই শিল্পীর চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হলো না এই গুণী শিল্পীর। দেশে ফিরতে হলো নিথর দেহে।

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

১৯৮১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে। সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। চলচ্চিত্রে প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।

বিষয়:অডিও এফডিসি গান চ্যানেল আই শহীদ মিনার সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…