অল্পের জন্য ফসকে গেছে বড় সুযোগ। নিউইয়র্কে সাউথ আফ্রিকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারের যন্ত্রণা নিয়ে স্থানীয় সময় মধ্যরাতে টিম টাইগার্স রওনা হয় ওয়েস্ট ইন্ডিজের পথে। বিসিবির মিডিয়া বিভাগ হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে, নিরাপদেই পরের ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্টে পৌঁছেছেন সাকিব-মাহমুদউল্লাহ।
সেখানকার কিংস টাউনে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। একই ভেন্যুতে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অপেক্ষাকৃত কমশক্তির দুটি দলের বিপক্ষে জয় পেলে সুপার এইটে খেলা নিশ্চিত হবে টাইগারদের। সে আশা নিয়ে ক্যারিবিয়ান দ্বীপে আপাতত ঘাটি মোস্তাফিজ-তাসকিনদের।
দ্বিতীয় রাউন্ডে ওঠার মিশনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল শ্রীলঙ্কা। ডালাসে প্রথম দেখাতে লঙ্কানদের হারিয়ে সুপার এইট দৃষ্টিসীমায় আসে বাংলাদেশের।
প্রথম দুই ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। তাতে সহজ হয়েছে বাংলাদেশের পথ। শেষ দুটি ম্যাচে প্রত্যাশিত জয় এলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হবে।








