সুনামগঞ্জের উপ-নির্বাচনে প্রচারণার শেষ সময়ে ব্যস্ত দুই প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের উপ-নির্বাচনে প্রচারণার শেষ সময়ে ব্যস্ত দুই প্রার্থী। এলাকার কাঙ্খিত উন্নয়নের অঙ্গীকার দিয়ে ভোটারদের বাড়িতে-কর্মস্থলে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন উভয় প্রার্থী।
জেলার ভাটির জনপদ হিসেবে পরিচিত হাওর বেষ্টিত উপজেলা দিরাই ও শাল্লা। এ দুই উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসন। প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনে উপ-নির্বাচন হবে ৩০ মার্চ।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডক্টর জয়া সেন গুপ্তা। তার প্রতিদ্বন্দ্বি সিংহ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম ছায়েদ আলী (রেজু)।
নৌকার বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রচারে অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও। নির্বাচনী জনসভায় সুরঞ্জিত সেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গিকার করে ভোট প্রার্থনা করছেন নৌকার প্রার্থী ডক্টর জয়া সেন।
অতীতে নির্বাচিতরা দিরাই-শাল্লায় তেমন একটা উন্নয়ন করেন নি বলে অভিযোগ করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম ছায়েদ আলী। নির্বাচিত হলে পিছিয়ে পড়া দিরাই ও শাল্লা উপজেলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।




