প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার সকালে সুইজারল্যান্ড পৌঁছেছেন।
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস শোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশী নেতা হিসেবে নির্বাচিত হয়ে এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলের গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘প্রতিক্রিয়াশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট স্থানীয় সময় সকাল ৬.০৬ টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ সিলভ্রেটা পার্কহোটেলে নিয়ে যাওয়া হবে। সুইজারল্যান্ড সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।
ডাভোস যাবার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা ২০ মিনিট যাত্রা বিরতি করেন।







