বাংলাদেশ

সিয়ামের চেতনায় সন্ত্রাস দমনের শিক্ষা

সিয়ামের চেতনায় সন্ত্রাস দমনের শিক্ষা

সিয়াম সংযমের নাম। এটা শুধু মনস্তাত্বিক সংযমের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং মানুষের দৈহিক সংযমের কার্যকর ও চুড়ান্ত নির্দেশনাও আছে সিয়াম পালনকারীদের পালনীয় সিলেবাসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘সিয়াম পালনকারী কোনো ব্যক্তিকে কেউ যদি যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে আক্রমণ করে অথবা গালমন্দ করে, তবে ওই রোজাদার যেন বলে আমি সিয়ামরত একজন।’ অন্য বর্ণনায় এসেছে, ‘কোনো ব্যক্তি যদি সিয়াম পালনকারী ব্যক্তির সঙ্গে নির্বোধের মতো আচরণ করে, তবে তিনি যেন বলে দেন আমি রোজাদার, আমি রোজাদার।’

উপরোক্ত হাদীসদ্বয়ে মুসলিম মিল্লাতের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিহীত আছে। সে শিক্ষা সংযমের শিক্ষা, শান্তি প্রতিষ্ঠার শিক্ষা। আমাদের সমাজ জীবনে প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়নতার নিন্দনীয় প্রতিযোগিতা চলছে। কেউ কাউকে গালী দিলে তাকে কীভাবে আরও শক্ত গালী দেওয়া যায়, সমাজে তারই চর্চা হয়। আঘাত করলে ওই আঘাতের তুলনায় বেশি শক্ত প্রতিঘাত করা যায় কীভাবে, তার অনুশীলন হতে দেখি আমরা। কখনো ক্ষমতার প্রতিযোগিতায়, কখনো সম্পদের তীব্র লোভে কখনো বা অন্য কোনো জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ হিংস্র হয়ে উঠে। মানুষের প্রতি মানুষের মানবিক দায়বদ্ধতার কথা তখন হারিয়ে যায়। এভাবেই মানুষ মানুষের ওপর চড়াও হয়। একজন অন্যজনকে বধ করার জন্য হিংস্র হয়ে ওঠে। ঠিক ওই সময়ে একজন মানুয়ের জন্য নিজেকে সংযত রাখাই বড় সওয়াবের কাজ, যা মাহে রমজানের সিয়াম সাধনার মূল চেতনায় আমরা খুঁজে পাই।

অনুরূপভাবে চুড়ান্ত সহনশীলতার মহান শিক্ষাও আছে উক্ত হাদীসদ্বয়ে। আমরা লক্ষ্য করলেই তা বুঝতে পারি। আঘাতের বিপরীতে প্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম পালনকারী চুড়ান্ত ধৈর্য ধরে তার সিয়াম পালন করার জানান দেওয়ার জন্য বললেন। সহনশীলতার যে বোধের শিক্ষা সিয়ামের মাধ্যমে তিনি দিতে চেয়েছেন, তা যে শুধু সিয়ামের মধ্যেই সীমাবদ্ধ, তা কিন্তু নয়। এটা বরং তার জীনের সমাজবোধ, নৈতিক বোধ ও ধর্মবোধের মধ্যে বিস্তৃত হবে। কারণ সহনশীতা একটি মৌলিক মানবিক গুণ যা তার সামগ্রিক কাজ ও দৃষ্টিভঙ্গীর মধ্যে প্রকাশ পায়। আজকের সময়ের ধর্মবিশ্বাস ও আদর্শগত ভিন্নতার কারণে দেশে দেশে যে উগ্র পন্থা আমরা দেখতে পাই, সহনশীলতার এ শিক্ষা ওই সকল উগ্রপন্থা প্রশমনেও কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিয়াম সাধনায় লুকিয়ে থাকা সেই সহনশীলতার শিক্ষা থেকে আমরা যোজন যোজন দূরে।

বিশ্ব শান্তির জন্য আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান শিক্ষায় ফিরে যেতে হবে। যেখানে মানুষের প্রতি মানুষের ভালবাসা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, থাকবে চুড়ান্ত মানবিক বোধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই শিক্ষাই তো দিয়েছেন এই হাদীসে। ‘যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, যে তোমার ওপর জুলুম করে, পারত পক্ষে তুমি তাকে ক্ষমা করে দাও এবং যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি সদাচরন দিয়ে তাকে জয় করে নাও।’ আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।

লেখক: মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…