সিলেটের জঙ্গি আস্তানায় নিহত এক যুবকের সঙ্গে নব্য জেএমবি’র শীর্ষ নেতা মুসার মিল

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় নিহত এক যুবকের সঙ্গে নব্য জেএমবি’র শীর্ষ নেতা মঈনুল ইসলাম ওরফে মুসার চেহারার মিল পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকেই ধারণা ছিলো সিলেটের এই জঙ্গি আস্তানায় নব্য জেএমবি’র শীর্ষ নেতা মঈনুল মুসা অবস্থান করছে। তবে নিশ্চিত হতে রাজশাহীর বাগমারায় মুসার পরিবারের সাথে যোগাযোগ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে ডিএনএ নমুনা সংগ্রহ করেও মিলিয়ে দেখা হবে।
মঙ্গলবার পঞ্চম দিনের মতো সেনাবাহিনীর প্যারাকমান্ডো দলের অভিযান চলার সময় ওই ভবন থেকে বেলা একটার দিকে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত খবর থেকে জানা যায়, এর আগে মঙ্গলবার সকালে কমান্ডো অভিযানে নিহত আরো দুই জঙ্গির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। দুটি লাশের শরীরেই সুইসাইড বেল্ট বাধা ছিলো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন, সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল জঙ্গি আস্তানা হিসেবে পরিচিত আতিয়া মহলের ভেতরে ঢুকেছে। সেখানে তারা বিস্ফোরক দ্রব্য নিস্ক্রিয় করার কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আতিয়া সহলে সেনাবাহিনীর অভিযান চলছে বলে জানা গেছে।






