বিপিএলে টিকে থাকার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লিগপর্বের শেষ ম্যাচে ১৮৬ রান তাড়া করে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে উঠে গেছে আফিফ হোসেনের দল।
উইল জ্যাকস খেলেছেন ৫৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস। ৫ বল আগেই জয় তুলে নেয় টিম চ্যালেঞ্জার্স। ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন চ্যাডউইক ওয়ালটন। ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে বড় অবদান রাখেন শামীম পাটোয়ারি। সোহাগ গাজী ও আলাউদ্দিন বাবু নেন দুটি করে উইকেট।
বরিশাল ও কুমিল্লা কোয়ালিফায়ার নিশ্চিত করেছে আগেই। রাতে লিগপর্বের শেষে ম্যাচটি খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে। খুলনা জয় পেলে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে তাদের। হেরে গেলে প্লে-অফে উঠে যাবে মিনিস্টার ঢাকা।
শনিবার মিরপুরে দুপুরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সিলেট। অধিনায়ক রবি বোপারা করেন সর্বোচ্চ ৪৪ রান। খেলেন মাত্র ২১ বল।
লেন্ডল সিমন্স ২৭ বলে করেন ৪২ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের ২২ বলে ৩৫ রানের ক্যামিওতে দুইশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করায় পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীর দলটি।
চট্টগ্রাম পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী তুলে নেন তিনটি উইকেট। মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।







