সিরিয়ায় গুলিতে ভূপাতিত হলো একটি রুশ হেলিকপ্টার। ওই হেলিকপ্টার ভূপাতিত করার খবর নিশ্চিত করেছেন রুশ কর্মকর্তারা। তবে আসাদ সরকারের বিরোধী না অন্য কেউ এ কাজ করেছে সেটা এখনো নিশ্চিত না।
রাশিয়ান প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, এম-৮ নামের ওই পরিবহন বিমানে পাঁচজন লোক ছিলেন। অসমর্থিত সূত্রের খবর, পাঁচজনের চারজনই নিহত হয়েছে।
এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, হেলিকপ্টারটি আলেপ্পো শহরে মানবিক সহায়তা দিয়ে ফিরছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও মৃতদেহ পড়ে রয়েছে এবং কয়েকজন বন্দুকধারী সেটাকে ঘিরে রেখেছে।
আসাদ সরকারের কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া। সরকারকে সাহায্য করতে বিরোধীদের উপর বিরামহীন বিমান হামলা চালাচ্ছে পুতিন বাহিনী।
গত মাসেই সরকারি বাহিনী আলেপ্পো শহরে যোগাযোগের মূল রাস্তা বিচ্ছিন্ন করে দিয়েছে।








