দেশজুড়ে সিরিজ বোমা হামলার আজ ১০ বছর পূর্তি আজ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ২০০৫ সালের এই দিনে সারাদেশের ৬৩টি জেলার পাঁচশ’রও বেশি স্থানে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
কথিত ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওইদিন আদালত, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি-আধা সরকারি স্থাপনায় জেএমবি জঙ্গিরা একযোগে বোমা হামলা চালায়। সেদিনের হামলায় নিহত হন দুজন। আহত হয়েছিল দুই শতাধিক মানুষ।
জেএমবির বোমা হামলার দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়। এর মধ্যে বিচার শেষ হয়েছে ১শ ৩টি মামলার। এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১শ’ ১৮ জনের যাবজ্জীবন ও ১শ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
এখনও বিচারাধীন রয়েছে ৫৮টি মামলা।






