দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন নিজের ক্যারিয়ারের শততম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবেন মুশফিকুর রহিম। চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না তিনি। উইকেটরক্ষক ব্যাটার দলে ফেরায় জায়গা ছাড়তে হয়েছে ইয়াসির আলী রাব্বিকে।
আফগানিস্তান দলে রয়েছে দুটি পরিবর্তন। মুজিব উর রহমানের এবং কায়েস আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উসমান ঘনি ও শরাফুদ্দিন।
হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি), টি-স্পোর্টস। অনলাইনে র্যাবিটহোল বিডি এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখা যাবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, রশিদ খান, উসমান ঘনি, ফজল হক ফারুকি, শরাফুদ্দিন।







