শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে পাকিস্তান। চতুর্থ ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারায় সফরকারীরা। তবে সিরিজ জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এখনো নিশ্চিত নয় তাদের।
নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২ রেটিং পয়েন্টে এগিয়ে আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ৯০ দশমিক ৪। আর ক্যারিবীয়দের পয়েন্ট ৮৮ দশমিক ৪। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিশ্চিত হবে আসলে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে।
প্রথম ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে লাহিরু থিরিমান্নে সর্বোচ্চ ৯০ ও তিলেকারত্মে দিলশান ৫০ রান করেন। অন্য কোনো ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান করতে পারেননি।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান ৩টি ও আনোয়ার আলী ২টি উইকেট নেন। এছাড়া রাহাত আলী, ইয়াসির শাহ ও ইমাদ ওয়াসিম প্রত্যেকে একটি করে উইকেট নেন।
লঙ্কান ইনিংসের জবাব দিতে নেমে ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের ব্যাটে ভর করে ৫৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। ৫ রানের জন্য সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি শেহজাদ। ৯০ বলে ৯৫ রান করেন তিনি। হাফিজ করেন ৭০ রান।
এছাড়া অধিনায়ক আজহার আলী ৩৩ ও শেষ দিকে ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শোয়েব মালিক। ১৭ রানে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। ম্যাচসেরা হয়েছেন আহমেদ শেহজাদ। দু’দলের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই হাম্বানটোটায়।






