দেশের বিভিন্ন নতুন উদ্যোগকে সামনে এগিয়ে যেতে সহযোগিতার অংশ হিসেবে সিড স্টেজ স্টার্টআপ প্রতিযোগিতা ‘সিডস্টারস ঢাকা’ ঘোষণা করেছে সিডস্টারস ওয়ার্ল্ড। ২ বছরের কম সময় ধরে কাজ করছে এবং ৫০ হাজার ডলারের কম বিনিয়োগ সংগ্রহ করতে পেরেছে, তারাই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের ধারণা উপস্থাপন করতে পারবে।
আজ (১৯ সেপ্টেম্বর) রাজধানীর জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সেরা সিড স্টেজ উদ্যোক্তাদের খুঁজে বের করার মাধ্যমে তাদের সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত জিতে নেয়ার সুযোগ করে দেওয়া হবে এই প্রতিযোগিতার মাধ্যমে। সিডস্টারসের পূর্ববর্তী অংশগ্রহণকারীরা এখন পর্যন্ত ৬১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে বলেও এ সময় জানানো হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী স্টার্টআপগুলোকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে seedsta.rs/Dhaka2017 ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সিডস্টারের বাংলাদেশ পর্বে নিজেদের ধারণা উপস্থানের জন্য আটটি স্টার্টআপকে নির্বাচিত করা হবে। নির্বাচিত আটটি স্টার্টআপ ধারণা উপস্থাপনকারি অনুষ্ঠানে তাদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবেন। বিজয়ী স্টার্টআপ ব্যাংককে অনুষ্ঠিতব্য সিডস্টার এশিয়ার রিজিওনাল সামিট এবং সুইজারল্যান্ডে সিডস্টারের গ্লোবাল সামিটে সকল ব্যয়ভারসহ অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য যে, সিডস্টারস ঢাকার পৃষ্ঠপোষকতায় রয়েছে জিপি অ্যাকসেলেরেটর এবং মূল স্পন্সর হিসেবে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড। এ আয়োজনের সহযোগী হিসেবে থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সিডস্টারসের সিলভার স্পন্সর হিসেবে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।







