রাজশাহী-বরিশাল এবং সিলেট, এই তিন সিটি কর্পোরেশনে নির্বাচনের দিনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ৩ আগস্ট পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
গত ১৯ জুলাই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার কারণে তাপদাহে অতিষ্ঠ ছিলো জনজীবন। তবে এর একদিন পরই এলাকা ভেদে তাপ প্রবাহের ব্যাপ্তি কমে আসে। ২১ জুলাই থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত। গত ২৫ জুলাই কক্সবাজারে সর্বোচ্চ তিন’শ ১৫ মিলিমিটার, টেকনাফে দু’শ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সীতাকুণ্ড, ফেনী, সদ্বীপ, কুতুবদিয়াসহ দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী ও অতিভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।
শ্রাবণের এই দিনে রাজধানীতে চলছে রোদ-বৃষ্টির খেলা। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ, ঝড়ে পড়ছে এক পশলা বৃষ্টি হয়ে। আবার একটু পরেই রৌদ্রজ্জ্বল আকাশ। আবহাওয়াবিদরা বলছেন, ‘মৌসুমী অক্ষ’ বাংলাদেশের উত্তরে অবস্থান নেয়ায় দক্ষিণের জেলা গুলোতে বৃষ্টিপাত কমে উত্তরে বৃষ্টি বাড়তে পারে। তবে রাজশাহী-সিলেট ও বরিশালে এর প্রভাব পড়বে না।
আবহাওয়াদিরা বলছেন, রাজশাহী-সিলেট ও বরিশালে সোমবার আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। থেমে থেমে বৃষ্টিও হতে পারে। তবে দুপুরের পর থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জান্নাতুল বাকেয়া কেকার ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:










