বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে চলছে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা। উৎসবের অামেজে প্রচারণা চললেও প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। উঠে এসেছে দলীয় নেতাকর্মী ছাড়াও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগের বিষয়টি।
রাজশাহী
বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে চলছে প্রচার-প্রচারণা। সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের মাঝে ততই বিরাজ করছে উৎসবের আমেজ।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সোমবার মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের শিরোইল মটপুকুর, শান্তিবাগ, বালিয়াপুকুর, মাস্টারপাড়া এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন: ‘জনগণকে নিয়ে রাজনীতি করি। আওয়ামী লীগ জনগণের দল, বিএনপিতে প্রচুর বিভাজন রয়েছে। তাদের তথাকথিত জনপ্রিয়তায় আমরা ভীতু নই।’
অপরদিকে বিএনপি’র মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগরীর ২৪ নং ওয়ার্ডের কেদুর মোড়, হাদির মোড় এলাকায় গণসংযোগ করে নির্বাচনী প্রচারণা চালান। তিনি বলেন আওয়ামী লীগের একজন নেতা সব পোলিং অফিসার নিয়োগ করে গেছেন। তারপরও আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করা পর্যন্ত মাঠে লড়ব।
সিলেট
এদিকে সিলেটে আওয়ামী লীগ প্রার্থী কামরানের বিরুদ্ধে পুলিশ দিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও তাদের পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। সকাল ৯ টায় নগরীর কাঁচাবাজার সবজি আড়তে গণসংযোগকালে আরিফ এ অভিযোগ করেন। তিনি বলেন: ‘নির্বাচিত হলে নগরীর সমস্যা সমাধানে তার ২ মাসের বেশি সময় লাগবে না।’
আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন কামরান বলছেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন বিএনপি প্রার্থী আরিফ। তিনি বলেন কোন ধরনের নাটক সৃষ্টি করা ঠিক না, নাটক করে জনগণের মন পাওয়া যায় না।
সকাল ৭টায় সিলেটের হকার্স মার্কেটে গণসংযোগ করেন তিনি। এরপর সকাল ১১টায় ২০ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান কামরান।







