পঞ্চম এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জিততে মাত্র ১ পা দূরে লাল-সবুজ। এর আগে সেমিফাইনালে উঠেই এশিয়া কাপে খেলা নিশ্চিত হয়েছিলো।
হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে এদিন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে ফিল্ড গোল থেকে বাংলাদেশকে লিড এনে দেন মিলন হোসেন। এর তিন মিনিট পর রোমান সরকার গোল করলে ২-০ তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান বাড়ান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এবং মামুনুর রহমান চয়ন। পুস্কার খিসা মিমো এবং কৃষ্ণ কুমার দাসও করেন একটি করে গোল। শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে দুটি গোল উপহার দেন আশরাফুল ইসলাম।
আগামীকাল বিকেল ৫টায় ফাইনালে বাংলাদেশের সঙ্গে লড়বে স্বাগতিক হংকং এবং শ্রীলংকার মধ্যে জয়ী দল।








