মানুষখেকো সন্দেহে ভারতের গির অভয়ারণ্যের ১৮ টি সিংহকে গ্রেফতারের খবর প্রকাশিত হয় গত ১৪ জুন। আর সেই অভয়ারণ্যে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে সিংহের সঙ্গে সেলফি তুলে বেকায়দায় পড়েছেন ভারতের ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজা।
একদল সিংহের মাত্র ১২-১৩ ফুট দূরে স্ত্রী রিভাকে নিয়ে ক্রিকেট তারকার সেলফি-সাহসকে নিয়ম ভাঙার শামিল বলছে গির অভয়ারণ্যের তদারক সংস্থা গুজরাট বনবিভাগ। নিরাপত্তাগত কারণে গির অভয়ারণ্যে ভ্রমণকারীদের জন্য নির্ধারিত গাড়ি থেকে নামা নিষেধ।
নিষেধাজ্ঞা অমান্য করে জাদেজার তোলা ‘দুঃসাহসী’ ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে শুরু হয় বিতর্ক।
বন বিভাগের কর্মীরা কেনো জাদেজাকে বাধা দেয়নি তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করার কথা জানিয়েছে গুজরাট বন বিভাগ। দু’জন বন কর্মকর্তা সঙ্গে থাকার পরও জাদেজা কিভাবে গাড়ি থেকে নেমে সিংহের সঙ্গে ছবি তুললেন তা তদন্ত করে নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে ভাবছে বন বিভাগ।







