মানুষখেকো সন্দেহে ভারতের গুজরাটের গির অভয়ারণ্যের ১৮টি সিংহকে ‘গ্রেফতার’
করার কথা জানিয়েছে দেশটির বন বিভাগ। বন কর্মকর্তারা জানান, আটক সিংহগুলোর
মধ্যে থেকে কোনটি মানুষখেকো তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দোষী সিংহকে আজীবনের জন্য চিড়িয়াখানার খাঁচায় বন্দি রাখা হবে বলে জানিয়েছে গুজরাট বন বিভাগ।
এশিয়ায় টিকে যাওয়া সিংহদের একমাত্র আবাসস্থল ভারতের গুজরাটে গির অভয়ারণ্যে। গুজরাটের সাবেক প্রধান বন কর্মকর্তা গোবিন্দ পাটেল জানান এখন সেখানে ২’শ ৭০টি সিংহ আছে। 
সাম্প্রতিক সময়ে এই অভয়ারণ্যের আশে-পাশে মানুষের ওপর সিংহের অন্তত ৬টি হামলার ঘটনা ঘটে।
প্রাণী বিশেষজ্ঞদের মতে, এতো সিংহের জন্য গির অভয়ারণ্যটি আর যথেষ্ট নয়। শিকারের অভাব এবং শিকারের এলাকা কমে আসায় এখন সহজ শিকার হিসেবে মানুষকেই বেছে নিতে বাধ্য হচ্ছে সিংহরা।
এ অবস্থায় মারাত্মক কয়েকটি হামলার পর নড়েচড়ে বসে গুজরাট বন বিভাগ। চেতনানাশক দিয়ে বন্দুক বা ট্রাঙ্কুলাইজার গান ব্যবহার করে ১৮টি সিংহ আটক করা হয়। সেগুলো মানুষখেকো কিনা তা বুঝতে সিংহগুলোর থাবা এবং মুখাবয়ব ছাড়াও আচরণ পরীক্ষা করছে ভারতের বন বিভাগ। কারণ মানুষখেকো সিংহগুলো মানুষ দেখলেই হিংস্র আচরণ শুরু করে।







