ঘরোয়া ক্রিকেটে সাড়ে পাঁচশ’র বেশি উইকেট নেওয়ার পর জাতীয় দলের নির্বাচকদের ডাক পড়ল শ্রীলঙ্কান স্পিনার মালিন্দা পুষ্পকুমারার। বুধবার থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ১৫ সদস্যের দলে নেয়া হয়েছে তাকে। ৩০ বছরের পুষ্পকে নেয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার লক্ষণ সন্দাকানের জায়গায়।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছেন পুষ্পকুমারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০ ম্যাচে ১৯ গড়ে ৫৫৮টি উইকেট পেয়েছেন। চলতি মৌসুমেও ১৩.৭৯ গড়ে ৭৭ উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ১৩ উইকেট নেন পুষ্পকুমারা। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন, কিন্তু মূল একাদশে জায়গা পাননি।
পুষ্পকুমারা মূলত দলের হয়ে খেলতে পারেননি আরেক স্পিনার রঙ্গনা হেরাথের জন্য। বল হাতে দুরন্ত গতিতে ছোটা হেরাথকে যে বাদ দেয়ার কোনও উপায় নেই নির্বাচকদের। দিনেশ চান্দিমাল অসুস্থ থাকায় লঙ্কানদের নেতৃত্বে থাকবেন হেরাথই।








