১৯ সেপ্টেম্বর মহানায়ক সালমান শাহ’র জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘরে জন্ম হয় তার। সিনেমায় তার নাম সালমান শাহ হলেও প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। স্কুলে তাকে ডাকা হতো শাহরিয়ার নামে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। এই বালকই হয়ে উঠেছিলেন রূপালি পর্দার যুবরাজ।
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে রূপালি পর্দায় তার আবির্ভাব হয়েছিল। এরপর মাত্র চার বছরেই তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির চূড়ায়। তার অভিনয়, ফ্যাশন, চলন-বলন আর আভিজাত্যে সবকিছুই যেন ছাপিয়ে গিয়েছিল অন্য সব নায়কদের চেয়ে। তাই নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছিলেন নিজের সময়ের স্বপ্নের নায়ক।
তার শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেন এবং সবকটিই ছিল ব্যবসাসফল। দেশীয় চলচ্চিত্রের বরপুত্র সালমান চিত্রনায়কের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন।

তবে সালমান শাহ মিডিয়াতে প্রথম নজর কাড়েন হানিফ সংকেতের কন্ঠে গাওয়া ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে। ১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে কোনো এক পর্বে প্রচার হয়েছিল এটি।
সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের কিছু চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যুর ২১ বছর পরেও ক্ষণজন্মা এই অভিনেতার শূন্যস্থান পূরণ হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরলোক গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি।
এক নজরে সালমান শাহ
পুরো নাম: শাহরিয়ার চৌধুরী ইমন
জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববার
বাবা: কমর উদ্দিন চৌধুরী
মা: সাবেক এমপি নীলা চৌধুরী
স্ত্রী: সামিরা
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
রাশি: বৃশ্চিক
প্রথম ছবি: কেয়ামত থেকে কেয়ামত
শেষ ছবি: বুকের ভেতর আগুন
প্রথম নায়িকা: মৌসুমী
সর্বাধিক ছবির নায়িকা: শাবনূর (১৪টি)
মোট ছবি: ২৭টি
বিজ্ঞাপনচিত্র: মিল্ক ভিটা, জাগুয়ার কেডস, গোল্ড স্টার টি, কোকা-কোলা, ফানটা
ধারাবাহিক নাটক: পাথর সময়, ইতিকথা
একক নাটক: আকাশছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
বিয়ে: ২০ ডিসেম্বর, ১৯৯২
মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার।








