নাচ-গান ও বর্ণিল আতশবাজির আলোকচ্ছটায় ব্রাজিলের রিও ডি জেনিইরো’র মারাকানা
স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ৩১তম অলিম্পিক গেইমসের।
জাতিসংঘ
মহাসচিব বান কি মুন, আইওসির সভাপতি টমাস বাখ ও ব্রাজিলের ভারপ্রাপ্ত
প্রেসিডেন্ট মিচেল টেমারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন
গ্রেটেস্ট শো অন আর্থ এর উদ্বোধনী অনুষ্ঠানে।
সোয়া চার ঘণ্টার অনুষ্ঠানে অংশগ্রহণকারি দলগুলোর মার্চপাস্ট ছাড়াও ব্রাজিলের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়।
২০১৪’র ফুটবল বিশ্বকাপের ফাইনালের পর বিশ্বমাপের আসর নিয়ে আরো একবার উদ্ভাসিত রিও ডি জেনিইরো’র মারাকানা স্টেডিয়াম। কোপা কাবানা সৈকতে আছড়ে পড়া আটলান্টিকের ঢেউ মারাকানার সবুজ গালিচায়। জাতীয় সংগীতের সুরে সবার শীর্ষে আয়োজক ব্রাজিলের পতাকা।
উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে ২০৭ দেশের প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশ নেন। অলিম্পিকের আতুঁরঘর গ্রীসের ক্রীড়াবিদরা ছিলেন সবার আগে। ১৬ সদস্যের বাংলাদেশ দলের হয়ে জাতীয় পতাকা বহন করেছেন ৩১ বছর বয়সী গলফার সিদ্দিকুর রহমান।
সফলতম দল মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা বইলেন অলিম্পিকের সফলতম ক্রীড়াবিদ সাঁতারু মাইকেল ফেল্পস। তবে উসাইন বোল্ট নন, জ্যামাইকার পতাকা ছিলো লন্ডন গেইমসের দ্রুততম মানবী শ্যালি অ্যান ফ্রেসারের হাতে। অলিম্পিকের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে শরণার্থীদের নিয়ে গড়া দল। আয়োজকদের আন্তরিক আতিথেয়েতায় আপ্লুত তারা।
আর মার্চপাস্টের শুরুতে অযান্ত্রিক বাহন রিকশা সবুজের সমারোহ জানিয়ে দিল প্রকৃতিকে সুরক্ষার অঙ্গীকার। উদ্বোধনী অনুষ্ঠানকে রং’র ছটায় বর্ণিল করেছে ব্রাজিলের বিখ্যাত শিল্পীদের সুরের মূর্চ্ছনা। পাশাপাশি সুপার মডেলদের ক্যাটওয়াক আর সাম্বা নাচ, যুগ যুগ ধরে যার ছন্দে পাগল পুরো দুনিয়া।
অসুস্থতার কারণে অলিম্পিক মশাল জ্বালাতে হাজির হতে পারেননি ফুটবল সম্রাট পেলে। 
স্টেডিয়ামে মশাল নিয়ে আসেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্রাজিলের টেনিস আইকন গুস্তাভো কুয়েরতেন। শেষ পর্যন্ত মশাল প্রজ্বলন করেন ম্যারাথনার ভ্যান্ডারলি লিমা। রোববার শুরু হচ্ছে পদক জেতার মূল লড়াই।






