সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে শিল্প ও পোল্ট্রি বর্জ্যে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে প্রাকৃতিক ঐতিহ্য হালদা নদী। অতি গুরুত্বপূর্ণ এই নদী রক্ষায় এখনই দূষণ ও দখল প্রতিরোধে কাজ শুরু করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
কয়েকদিন আগের বন্যার মধ্যে চট্টগ্রাম শহরের অক্সিজেন এবং হাটহাজারী এলাকার শিল্প প্রতিষ্ঠান ও পোল্ট্রি মালিকরা দীর্ঘদিনের জমানো বর্জ্য পানিতে ছেড়ে দেয়। যা শেষ পর্যন্ত গিয়ে পড়ে হালদা নদীতে।
হালদার সঙ্গে যুক্ত ১৮টি খাল, এর বেশিরভাগ দিয়েই নিয়মিতই আসছে বিষাক্ত বর্জ্য। খালের মুখে নির্মিত স্লুইস গেটের কারণে সংকুচিত হয়েছে প্রবাহ। রয়েছে রাবার ড্যাম, বালু উত্তোলনসহ অপরিকল্পিত নানা কর্মকাণ্ড। সঙ্গে রয়েছে অবৈধ দখলদারিত্ব। এসব কারণে এখন হুমকির মুখে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও বিরল ডলফিনের আবাসস্থল হালদা নদী।
কিছু উদ্যোগ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। অনন্য বৈশিষ্ট্য ছাড়াও হালদা নদীর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। মৎস্যক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে যুক্ত করছে ৮শ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার প্রধান পানির উৎসও এ নদী।
বিস্তারিত দেখুন জাহিদুজ্জামানের ভিডিও রিপোর্টে







