অর্থনীতি

সিঙ্গাপুর-জাপানের ১১৯০ কোটি টাকার অর্থায়ন পেয়েছে সামিট গ্রুপ

সামিট গ্রুপের কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান, সিঙ্গাপুর-জাপান অর্থায়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামিট গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান, যেখানে সিঙ্গাপুর-জাপানের অর্থায়ন রয়েছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার এই সঙ্কটময় সময়ে দেশের বিনিয়োগে একটি সুসংবাদ এলো। সিঙ্গাপুরের ক্লিফোর্ড ক্যাপিটাল ও জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) এর কাছ থেকে ১১৯০ কোটি টাকার দীর্ঘমেয়াদী অর্থায়ন পেয়েছে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি মাইলফলক। দেশের বেসরকারি খাতে সামিট প্রথম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে এই রূপ বিনিয়োগ পেয়েছে। পূর্বে বিদ্যুৎ উন্নয়ন খাতে বিদেশী বিনিয়োগের পুরোটুকু বা অধিকাংশই বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেমন: ডিইজি, এফএমও, আইএফসি, এডিবি, আইএসডিবি, সিডিসি ইত্যাদি বা উল্লেখযোগ্য পরিমাণ তাদের থেকে থেকে এসেছিল।

এই অর্থায়ন সম্পন্ন হয় গত ২২ এপ্রিল, যখন বাংলাদেশ এবং সিঙ্গাপুর উভয় দেশ ছিল লকডাউনের মধ্যে। অর্থায়ন প্রাপ্তির প্রক্রিয়াকে বেগবান করতে চলমান লকডাউনের মধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন অনুমোদন প্রদানের মাধ্যমে বিশেষ সহায়তা করেছে বলেও জানানো হয়েছে।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘কোভিড-১৯ মহামারির মধ্যেও বাণিজ্যিক ঋণদাতাদের কাছে থেকে এই স্বল্প মূল্যের দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়ন আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সামিট এবং সর্বোপরি বাংলাদেশের মর্যাদা এবং সুনামের প্রতিফলন। আমরা আমাদের গ্রাহক এবং ঋণদাতাদের প্রতি কৃতজ্ঞ এবং নিশ্চিত করতে চাই যে, আমরা উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।’

প্রাথমিকভাবে বাংলাদেশি ব্যাংক, যেমন: ব্যাংক এশিয়া, দ্য সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইতিপূর্বে সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের প্রকল্প নির্মাণে অর্থায়ন করেছিল এবং পরবর্তীতে এই দীর্ঘমেয়াদী ঋণ থেকে তাদের অর্থায়ন পরিশোধ করা হয়। সামিট আশা করছে, চলমান লকডাউন শেষ হওয়ার পরপরই অর্থায়নের সর্বশেষ কিস্তি পাবে।

সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড, সামিট কর্পোরেশন এবং সামিট পাওয়ার লিমিটেডের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। প্রকল্পটি বাংলাদেশের বেসরকারি খাতে বৃহত্তম জ্বালানী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান সামিট অয়েল অ্যান্ড শিপিং কোং লিমিটেড (এসওএসসিএল) এর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানী সরবরাহ চুক্তি করে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর সঙ্গে ১৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করছে। এই প্রকল্পটি মাত্র ৯ মাসের বাস্তবায়নের মধ্যে ফাস্ট-ট্র্যাক প্রকল্প হিসেবে ১০ মে ২০১৮ সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং তখন থেকেই বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষিতে জাতীয় গ্রীডে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

বিষয়:সামিট গ্রুপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…