চট্টগ্রাম থেকে: মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে অচেনা ছিল অস্ট্রেলিয়া দল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে অনেকটাই জানা বাংলাদেশের। তাতে আত্মবিশ্বাসটা যেন আরও বাড়ছে টাইগার ক্রিকেটারদের। অলরাউন্ডার নাসির হোসেন মনে করেন নিজেদের সামর্থ্যের ৮০ ভাগ দিতে পারলেই জিতে নেওয়া সম্ভব চট্টগ্রাম টেস্ট।
‘ভাল সুযোগ আছে আমাদের। প্রথম ম্যাচ জিতেছি আমরা। আমরা খুব ভাল খেলছি। আমাদের নাম অনুযায়ী যদি খেলতে পারি এবং সামর্থ্যের ৮০ শতাংশও খেলতে পারি অস্ট্রেলিয়াকে যেকোনো পরিস্থিতিতে হারানো সম্ভব।’
মিরপুর টেস্টে দাপট দেখিয়েছেন স্পিনাররা। চট্টগ্রামেও হচ্ছে স্পিনিং উইকেট। পেসার জশ হ্যাজেলউডের ইনজুরিতে বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফকে এনেছে অজিরা। তবে কাউকেই বড় হুমকি মনে করছেন না নাসির। জোর দিচ্ছেন ভাল খেলার ওপর, ‘কঠিন মনে করলেই কঠিন। একটা বোলার যদি ভাল জায়গায় বল করে সে যেই হোক না কেন তার জন্য কঠিন। আবার একজন নামকরা বোলার যখন খারাপ জায়গায় বল করে ওটা খারাপ বল। ওসব নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাদের টিমে ভাল বোলারদের মোকাবেলা করার মতো ভাল খেলোয়াড় আছে।’
ঈদের দিনও ছিল বাংলাদেশ দলের অনুশীলন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর থেকে ব্যাট-বলের অনুশীলন করেছেন চট্টগ্রামে আসা ৬ ক্রিকেটার। তাদের একজন নাসির।
পরিবার ছাড়া ঈদ করলেও পেশাদারিত্বকে বড় করে দেখছেন তিনি, ‘পরিবারকে মিস করছি এটা সত্য। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমার করতেই হবে। এর আগেও ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রামে ঈদ করেছি।’
ছবি: সাকিব উল ইসলাম










