শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৮ রান। মোস্তাফিজের করা সেই ওভারে আফগানরা নিতে পেরেছে মাত্র ৪ রান, যার দুটি লেগবাই থেকে। এতে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। দলকে এমন রোমাঞ্চকর জয় এনে দেয়ায় কাটার মাস্টারকে প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টাইগার অধিনায়ক বলেছেন, জাদুকরের মতো বল করেছে মোস্তাফিজ।
৬ বলে ৮, ২ বলে ৫, ১ বলে ৪— স্নায়ুর চরম পরীক্ষা। এমন স্নায়ুক্ষয়ী মুহূর্তে অসংখ্যবার ব্যাকফুটে গেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে পথ হারায়নি। চাপকে জয় করেই আবু ধাবিতে দুর্দান্ত এক জয় পেয়েছে। শেষের নেপথ্য নায়ক মোস্তাফিজ। প্রশংসা তার প্রাপ্যই।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর মাশরাফী তাই বললেন, ‘ম্যাচ শেষে এক কথায় বলব; জাদুকরের মতো বল করেছে মোস্তাফিজ। এরকম রোমাঞ্চকর জয় উপহার দেয়ার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। এ ধরনের অনেক ম্যাচ আছে যেগুলোর শেষদিকে ৮-৯ রান দরকার থাকলেও আমরা জিততে পারিনি। এ ম্যাচে আমরাই ৮ রানে প্রতিপক্ষকে আটকে দিলাম। সে শেষপর্যন্ত ম্যাচ ছেড়ে দেয়নি। শেষ ওভারে তার জাদুকরী বোলিংয়েই জয় এসেছে।’
শেষ ওভার দুর্দান্ত করলেও ১০ ওভারের কোটা পূরণ করতে পারেননি মোস্তাফিজ। অনেক গুরুত্বপূর্ণ সময়ে তাকে আক্রমণে না দেখে হতবাক হয়েছেন অনেকে। সেটিও পরিস্কার করেছেন বালাদেশ অধিনায়ক, ‘তার পায়ের পেশিতে ক্র্যাম্প হচ্ছিল। এ কারণে ঘন ঘন বোলিংয়ে আসতে পারেনি। শেষদিকে বল করতেও কষ্ট হয়েছে। তবুও ম্যাজিসিয়ানের মতো বল করেছে। আশা করি, বোলিংয়ে এমন জাদুর প্রদর্শনী সামনে আরও দেখাবে। সেটা অব্যাহত থাকলে দলের জন্যই মঙ্গল।’
জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আসছে মঙ্গলবার পাকিস্তানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনাল লড়াইয়ে নাম লেখাবে মাশরাফী বাহিনী। ফলে ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে।









