সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন (৪২) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নয়নের বাড়ি সাভার পৌরসভার মালঞ্চ এলাকায়। তবে ঢাকায় বসবাস করতে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নয়নের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালন এবং অপহরণ-হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে নয়নকে আটক করে সাভার মডেল থানা পুলিশের একটি দল।
পুলিশের দাবি, রাতে নয়নকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নয়ন গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।








