সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের জন্য বিকেএসপিতে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। সাফে যাওয়ার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।
বিকেএসপিতে ২৮ অক্টোবর তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প শুরু হয় জাতীয় ফুটবল দলের। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নতুন কোচ মারুফুল হকের অধীনে দিনে তিনটি করে সেশন করছেন জাহিদ-মামুনুলরা।
প্রস্তুতি কতটা হলো বা সাফের জন্য দল কতটা তৈরি তার একটা পরীক্ষা হতে পারে ১৭ ডিসেম্বরের নেপালের বিপক্ষের ম্যাচ।
অনুশীলনের সময়ই ইনজ্যুরিতে পড়েছেন দলের অন্যতম মিডফিল্ডার জামাল ভুঁইয়া, হাসপাতালেও যেতে হয় তাকে। তবে সাফের আগে জামাল ফিট হলেও হাঁটুর ইনজুরিতে শেষ এমিলির সাফ টুর্নামেন্ট।
তিনি বলেন, টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৪ তারিখে। এই অল্প সময়ের মধ্যে নিজেকে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করা সম্ভব হবে না।
নিজে না থাকলেও সাফ নিয়ে আশাবাদী এমিলি। তিনি বলেন, টিমের অবস্থা খুব ভালো। কোচের সঙ্গে খেলোয়াড়দের সমন্বয়টা এখানে ভালো। এটা একটা দলের জন্য খুবই দরকার। আমি দলের সঙ্গে ছিলাম। আমি জানি এই দলের সাফ জয়ের জন্য কতোটা ক্ষুধা রয়েছে। ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ২০ ডিসেম্বর টুর্নামেন্টে অংশ নিতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের।







